সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিল পশ্চিমবঙ্গ সরকার
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপনের জন্য ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
বুধবার (২০ মে) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জমি হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।
আরও পড়ুন: ইস্তাম্বুলে কনস্যুলেট বন্ধের চিন্তায় ইসরায়েল
জানা গেছে, বিজেপি নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার গঠনের দুই সপ্তাহের মধ্যেই প্রথম দফায় সীমান্তে কাঁটাতারের বেড়া ও বিওপি নির্মাণের জন্য নির্ধারিত ২৭ কিলোমিটার এলাকার জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দুই ধরনের জমি বিএসএফকে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৯টি জেলার মোট ৩২ একর সরকারি খাস জমি। পাশাপাশি ৫টি জেলা থেকে ৪৩ একর ব্যক্তিগত জমিও অধিগ্রহণ করা হয়েছে। এসব জমির ব্যয়ভার বহন করবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: ‘তুই রাজাকার’ আদলে ভারতে ‘তেলাপোকা’ আন্দোলন, সামাজিক মাধ্যমে নতুন প্রতিরোধের ভাষা
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ অনেক আগেই জমির আবেদন করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব একাধিকবার তৎকালীন রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও চিঠিপত্র আদান-প্রদান করলেও জমি হস্তান্তর হয়নি।
তিনি বলেন, বর্তমান সরকার সেই আইনি ও প্রশাসনিক জটিলতা দূর করেছে এবং কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগে দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক কর্মকর্তারা বাকি প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং বিএসএফকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
এ ছাড়া অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের এক বছর আগের নির্দেশনাও এখন কার্যকর করা হচ্ছে বলে জানান তিনি। তার দাবি, আগের সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।





