ইরানের সঙ্গে ‘বড় সমঝোতা’, চলতি সপ্তাহেই শান্তিচুক্তি হতে পারে: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬ | আপডেট: ১০:৪১ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে একটি ‘বড় সমঝোতা’ হয়েছে এবং এখন শুধু শান্তিচুক্তি স্বাক্ষরের অপেক্ষা বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শেষেই চুক্তিটি স্বাক্ষর হতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে একটি বড় সমঝোতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝোতা আমাদের শান্তিচুক্তির দিকে নিয়ে যাবে।”

আরও পড়ুন: ইরানে মার্কিন হামলা স্থগিত, বিশ্ববাজারে কমল তেলের দাম

তিনি আরও বলেন, “চুক্তি স্বাক্ষর হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে খুলে যাবে। খুব শিগগিরই, সম্ভবত ইউরোপীয় সময় অনুযায়ী এ সপ্তাহের শেষের মধ্যেই আমরা চুক্তি স্বাক্ষর করতে পারব।”

প্রস্তাবিত চুক্তি নিয়ে ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের, আজ রাতেই কঠোর হামলা

ট্রাম্প বলেন, “আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ইরান কখনোই পরমাণু অস্ত্রের মালিক হতে না পারে—এমন নিশ্চয়তা পাওয়া। সাম্প্রতিক সব ঘটনার মূল উদ্দেশ্যই ছিল একটি শান্তিচুক্তির দিকে এগিয়ে যাওয়া।”

এদিকে হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলার যে পরিকল্পনা ছিল, তা আপাতত স্থগিত করেছেন ট্রাম্প। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, চুক্তির চূড়ান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা এগিয়ে নিতে হামলার পরিকল্পনা থেকে সরে আসা হয়েছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্পের নির্দেশে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়, যা এখনো কার্যকর রয়েছে।

তবে ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার দাবি ট্রাম্প এই প্রথম করছেন না। গত মার্চ মাস থেকে একাধিকবার তিনি একই ধরনের মন্তব্য করেছেন।

সূত্র: এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড