ভারতের মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার
ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওয়াশিম জেলা-এর মালেগাঁও তালুকের তিভলি গ্রামে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এর প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের পুরুষ সদস্যের মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ একটি কূপ থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
ইমরান পাঠান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ খবর পায় যে তিভলি গ্রামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়েছেন এবং তার স্ত্রী ও দুই সন্তান কূপে ঝাঁপ দিয়েছেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
পুলিশ জানিয়েছে, চারটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার কারণ ও পারিবারিক পটভূমি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।





