যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১:০১ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে এক সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সময়ে দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ এখনও চরম গরমের সতর্কতার আওতায় রয়েছে। এরই মধ্যে তীব্র গরমের পাশাপাশি বজ্রঝড়, আকস্মিক বন্যা এবং বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কাও বাড়ছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে নিউ জার্সি অঙ্গরাজ্যে, যেখানে গরমজনিত কারণে ২২ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইলিনয় অঙ্গরাজ্যে একজন এবং মিসিসিপিতে দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: খামেনির জানাজা সম্পন্ন, তেহরানে লাখো মানুষের সমাগম

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওয়েদার সার্ভিস (National Weather Service - NWS) সতর্ক করে জানিয়েছে, সোমবার পর্যন্ত পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় তীব্র বজ্রঝড়, ক্ষতিকর দমকা হাওয়া, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ডেলাওয়্যার, কানেকটিকাট এবং নিউইয়র্ক সিটিসহ বিস্তীর্ণ অঞ্চলের প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষ বন্যা সতর্কতার আওতায় রয়েছেন। এসব এলাকায় সর্বোচ্চ ৩ ইঞ্চি (প্রায় ৭ দশমিক ৬ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন: অনেকদিন পর জনসম্মুখে আইআরজিসি প্রধান

চরম আবহাওয়ার প্রভাবে পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে। ফলে লাখো গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় দুর্ভোগে পড়েছেন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আর্দ্রতা ও উচ্চ তাপমাত্রার কারণে অনুভূত তাপমাত্রা (হিট ইনডেক্স) ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর এবং ফ্লোরিডার জ্যাকসনভিলসহ বিভিন্ন শহরে ৩৭ দশমিক ৭ থেকে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের মাঝামাঝি সময়ে পূর্ব উপকূলের কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স ও টুসন শহরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

এদিকে নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, দাবদাহজনিত অসুস্থতায় এখন পর্যন্ত ৩৭৮ জনের বেশি মানুষ বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

বিশেষজ্ঞরা শিশু, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার, পর্যাপ্ত পানি পান করার এবং সরকারি আবহাওয়া সতর্কতা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন।