যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৫৬ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক তেলের বাজারে আবারও দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে উঠে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছায়। এর ফলে আগের দিনের মূল্যপতন কাটিয়ে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে তেলের বাজার।

আরও পড়ুন: ইরানে বড় ধরনের বিজয়ের দাবি ট্রাম্পের

চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ১২ শতাংশ বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট টানা তৃতীয় সপ্তাহ এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো মূল্যবৃদ্ধির ধারায় রয়েছে।

তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব শেয়ারবাজারেও দেখা গেছে। শুক্রবার সকালে এশিয়ার কয়েকটি দেশের শেয়ারবাজারে লেনদেন নিম্নমুখী ছিল। জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫ দিনের লেনদেন শুরু করে ৩ শতাংশের বেশি পতনের মধ্য দিয়ে।

আরও পড়ুন: ইরানে মার্কিন হামলায় নিহত ৭, আহত ৯

অন্যদিকে, ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় সাতজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, আহতদের চিকিৎসা দিচ্ছেন জরুরি সেবা ও চিকিৎসাকর্মীরা এবং হামলার পর উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তবে এই হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। এছাড়া হামলার কারণ বা নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।