এবার শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে যাচ্ছেন মমতা
দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানাতে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আগামী সোমবার ভারতের রাজধানী দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শুরু থেকেই তিনি শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই আন্দোলন শুধু একটি নির্দিষ্ট পরীক্ষার অনিয়মের প্রতিবাদ নয়; বরং দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ও ন্যায্য অধিকার নিশ্চিত করার বৃহত্তর সংগ্রাম।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
তিনি আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশের সাধারণ মানুষের একটি বড় অংশও শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করছে।
সাম্প্রতিক সময়ে দিল্লির এই আন্দোলন ভারতের অন্যতম আলোচিত শিক্ষার্থী বিক্ষোভে পরিণত হয়েছে। আন্দোলন ঘিরে বিভিন্ন স্থানে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সক্রিয় অবস্থানকে আরও দৃশ্যমান করতে পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের ইস্যুতে দলটির অবস্থান তুলে ধরার ক্ষেত্রেও এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে দিল্লিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শিক্ষার্থীদের ওপর পুলিশের শক্তিপ্রয়োগ ও আটকের অভিযোগের প্রতিবাদে কর্মসূচি পালন করেন। কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারাও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তাঁর এই সফরের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ বা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কি না, সে বিষয়েও আগ্রহ তৈরি হয়েছে।





