চীনের অর্থনৈতিক রূপান্তরের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রোংজি মারা গেছেন

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:৩৩ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রোংজি মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) বেইজিংয়ে অসুস্থতাজনিত কারণে ৯৭ বছর বয়সে তার মৃত্যু হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ঝু রোংজি। এর আগে তিনি দেশটির উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সংস্কার, করব্যবস্থায় পরিবর্তন এবং বাজারমুখী অর্থনীতি সম্প্রসারণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আরও পড়ুন: ইরানের হুমকি: উড়োজাহাজ বদলের কথা স্বীকার ট্রাম্পের

১৯৯০-এর দশকে চীনের অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অদক্ষতা মোকাবিলায় কঠোর সংস্কার কার্যক্রম হাতে নেন ঝু। লোকসানে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ঋণ কমানো ও পুনর্গঠনের উদ্যোগের ফলে লাখ লাখ মানুষ চাকরি হারালেও এসব পদক্ষেপ চীনের অর্থনীতিতে দক্ষতা ও প্রতিযোগিতা বাড়াতে ভূমিকা রাখে।

চীনের বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যোগদানের ক্ষেত্রেও ঝু রোংজির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দীর্ঘ আলোচনার পর তার নেতৃত্বে চীন ডব্লিউটিওতে যোগ দেয়। এর ফলে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে চীনের সম্পৃক্ততা আরও বিস্তৃত হয়।

আরও পড়ুন: পারস্য উপসাগরে নেই কোনো মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের

ঝু রোংজি স্পষ্টভাষী ও কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন। দুর্নীতি, সরকারি কর্মকর্তাদের অদক্ষতা এবং ব্যাংকিং খাতের অনিয়মের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে কথা বলতেন। এ কারণে চীনের রাজনীতিতে তার আলাদা পরিচিতি ও জনপ্রিয়তা তৈরি হয়েছিল।

তবে তার অর্থনৈতিক সংস্কারের কিছু পদক্ষেপের সামাজিক মূল্যও ছিল উল্লেখযোগ্য। রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান পুনর্গঠনের ফলে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই হন। পরবর্তী সময়ে আয়বৈষম্যসহ বিভিন্ন সামাজিক সমস্যার জন্যও এসব সংস্কারের সমালোচনা করা হয়।

তারপরও চীনের অর্থনীতিকে বৈশ্বিক বাজারের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করা এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন আনার ক্ষেত্রে ঝু রোংজির ভূমিকা দেশটির আধুনিক অর্থনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তার মৃত্যুকে দেশ ও কমিউনিস্ট পার্টির জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেছে।