গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আটকে থাকতে পারেন অনেকে

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৪২ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বর্ষণের পর বিশালাকার আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। পাহাড়সম বর্জ্যের স্তূপ ধসে পাশের অস্থায়ী ঝুপড়ি ও ঘরবাড়ির ওপর পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর দার-এস-সালাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ইরানবিরোধী মার্কিন অভিযানে প্রতিবেশী দেশ যোগ দিলে শত্রু হিসেবে বিবেচনা হবে: তেহরান

গিনির সরকারের এক বিবৃতিতে জানানো হয়, রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে আবর্জনার বিশাল স্তূপটি ধসে পড়ে। খবর পেয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়।

ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা খননযন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান চালাচ্ছেন। একই সঙ্গে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হয়েছেন।

আরও পড়ুন: ওড়িশা উপকূলে ২৪ ক্রুসহ পানামার পতাকাবাহী জাহাজ ডুবি, উদ্ধার ২

স্থানীয় এক নারী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তান নিহত হয়েছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধার অভিযান তদারক করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ।

দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে বর্ষাকালে ভারী বৃষ্টিপাতের কারণে এই বিপর্যয় ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এর আগে স্থানীয় নেতা লানসিনে সিলা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছিলেন, বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, ২০১৭ সালেও একই স্থানে আবর্জনার স্তূপ ধসে ১০ জন নিহত হয়েছিলেন।