পাঁচ হাজার মার্কিন সেনা আসছে পাতায়ায়, যৌনকর্মীদের বিরুদ্ধে অভিযান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০১ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় নোঙর করতে যাচ্ছে। রণতরীটিতে থাকা প্রায় ৫ হাজার মার্কিন সেনার আগমনকে সামনে রেখে স্থানীয় প্রশাসন যৌনকর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এরই মধ্যে প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকন আজ রাতে পাতায়ায় পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন: জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্থানীয় প্রশাসনের আশঙ্কা, বিপুলসংখ্যক মার্কিন সেনা শহরে অবস্থানকালে নিষিদ্ধ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে যৌনকর্মীদের সঙ্গে যোগাযোগের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এক স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন সেনাদের আগমনের পর যৌনসেবার চাহিদা আকস্মিকভাবে বেড়ে যেতে পারে। এতে এর অপব্যবহারের পাশাপাশি বিভিন্ন সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হতে পারে। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের তৎপরতা ঠেকাতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ধ্বংসস্তূপের নিচে দুই দিন, জীবিত উদ্ধার ৫ বছরের মানিশা

ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। প্রথমে রণতরীটিকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করা হয়েছিল। পরে ইরান যুদ্ধ শুরুর প্রায় এক মাস আগে জানুয়ারিতে এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়।

মধ্যপ্রাচ্যে অবস্থানকালে রণতরীটির সেনারা ইরান যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। যুদ্ধ চলাকালে অল্প সময়ের জন্য গুয়াম ও ওমানে গেলেও ২০০ দিনেরও বেশি সময় সমুদ্রে যুদ্ধকালীন দায়িত্বে ছিল আব্রাহাম লিংকন।

দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে রণতরীতে থাকা সেনাদের মধ্যে ক্লান্তি ও মানসিক চাপ তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কয়েকজন সেনা আত্মহত্যার চেষ্টাও করেছেন বলে জানা গেছে।

এর মধ্যে গত সপ্তাহে রণতরী থেকে এক সেনা সমুদ্রে ঝাঁপ দেন। এ ঘটনার পর রণতরীটিকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সান দিয়েগোতে ফেরার আগে ক্রুদের বিশ্রামের জন্য থাইল্যান্ডের পাতায়ায় এটি অবস্থান করবে।

অন্যদিকে প্রায় ৫ হাজার মার্কিন সেনার আগমনকে ঘিরে পাতায়ার ব্যবসায়ীদের মধ্যেও বাড়তি আয়ের প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, বিপুলসংখ্যক বিদেশি সেনা শহরে অবস্থান করায় বিভিন্ন খাতে সাময়িকভাবে ব্যবসা বাড়তে পারে।

পাতায়ার মেয়র পোরামাস নাগামপিচেস জানিয়েছেন, রণতরীর প্রতিটি সেনা আনুমানিক ১ হাজার থেকে ৩ হাজার থাই বাথ পর্যন্ত ব্যয় করতে পারেন। ফলে তাদের স্বল্প সময়ের অবস্থানেও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তিনি।