ইরানকে সমর্থন পুতিনের, পশ্চিমাদের দিলেন কড়া বার্তা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউক্রেনে সামরিক হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইরানের প্রতি মস্কোর সমর্থন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের দুই দিনের সম্মেলনে অংশ নিয়ে এসব মন্তব্য করেন পুতিন। মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তার বক্তব্যের বিষয়টি উঠে আসে।

আরও পড়ুন: ভোটেকোশি নদীর বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

পুতিনের এ ঘোষণা এমন সময়ে এলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশই পরস্পরের বিভিন্ন সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান ও ড্রোন হামলা বাড়িয়েছে। ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাশিয়ার তেল শোধনাগার, জাহাজ এবং ই-কমার্সের গুদামও রয়েছে। এসব হামলার প্রভাবে দেশটির কয়েকটি অঞ্চলে জ্বালানি সংকট দেখা দেওয়ার পাশাপাশি অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে।

পুতিনের দাবি, গত ৪০ দিনে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রায় ১০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশটির যে আর্থিক ক্ষতি হয়েছে, তা রাশিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ শতাংশের সমান।

আরও পড়ুন: ইরানের পাল্টা হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে: আইআরজিসি

অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়াও হামলার মাত্রা বাড়িয়েছে। নতুন ধরনের জেটচালিত ড্রোন ব্যবহার করে হামলার পাশাপাশি রাজধানী কিয়েভ ও কৃষ্ণসাগরীয় বন্দরগুলোতেও আঘাত হানা হচ্ছে। এতে ইউক্রেনের শস্য রপ্তানি কার্যক্রমও ঝুঁকির মধ্যে পড়েছে।

বিশকেকে পুতিন জানান, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের হামলা চালানোর নির্দেশ রুশ বাহিনীকে দেওয়া হয়েছে। একই সঙ্গে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও জানান।

পুতিন আরও বলেন, রাশিয়াকে দুর্বল বা পরাস্ত করার কোনো চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় রাশিয়া প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।