বিশ্বব্যাপী ইরানি এয়ারলাইনস বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
চলতি সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে সব ইরানি এয়ারলাইনসের ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই বার্তা দেন।
স্কট বেসেন্ট জানান, ২৩ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের যেকোনো প্রান্তে ইরানি বিমান অবতরণ করলে তাদের জ্বালানি দেওয়া, ল্যান্ডিং সেবা প্রদান বা টিকিট বিক্রি করা যাবে না; অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বের করে দেওয়া হবে। এই অর্থনৈতিক অবরোধ কেবল বিমান সংস্থাগুলোতেই সীমাবদ্ধ নয়, বরং বিদেশি বিমানবন্দর, টিকিট বিক্রয়কারী সংস্থা ও জ্বালানি সরবরাহকারীদের ওপরও কার্যকর হবে।
আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম
যুক্তরাষ্ট্রের এই কঠোর অর্থনৈতিক হুমকির পর ইরাক তাদের আকাশসীমায় ইরানি এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে বলে এএফপি সূত্রে জানা যায়। জর্জিও জর্জিয়াও তাদের দেশে ইরানি বিমান চলাচল নিষিদ্ধ করেছে, এবং তুরস্কের অনুরোধে ইরানি সংস্থা মহান এয়ার তাদের তুরস্কগামী ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেংয়ের সঙ্গে বেসেন্টের অর্থনৈতিক বৈঠকের পরপরই এই হুমকি সামনে এল, যেখানে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের শীর্ষ নেতা শি জিনপিংয়ের বৈঠকের ভিত্তি প্রস্তুত করা হচ্ছে। চীন ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার হওয়ায় এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট
গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ার পর দুই দেশের যুদ্ধ শুরু হয়, যা এখন সাত মাসে পদার্পণ করেছে।
এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের অবশিষ্ট সকল বিমান সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করে সেগুলোর আন্তর্জাতিক পরিচালন ক্ষমতা প্রায় সম্পূর্ণরূপে স্তব্ধ করে দেয়।
সূত্র: এনডিটিভি





