বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালের কারাদণ্ড

Sadek Ali
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:১২ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বালাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের একজনকে ২৫ দিন এবং অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন বিআরটিএ চট্টমেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন, হাটহাজারী উপজেলার নতুনপাড়ার এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৪৫) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমরান (৪৭)।ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা অভিযানে নেতৃত্ব দেন।

আরও পড়ুন: নান্দাইলে শিশুকে বলাৎকার করতে ব্যর্থ হয়ে হত্যার অভিযোগ, কিশোর আটক

অভিযানে বিআরটিএ কম্পাউন্ডে দালালির অভিযোগে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত একজনকে ২৫ দিন ও অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এদিকে নগরের বায়েজিদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মোড়ে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করা হয়েছে।এসব মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানের সময় বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপ আটক করা হয়েছে।

আরও পড়ুন: সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, বিআরটিএ’তে দুই দালালকে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।