মিসরে পর্যটকবাহী বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:০২ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। হতাহতদের সবাই দেশি-বিদেশি পর্যটক বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদনে হতাহতের এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: দুবাইয়ে ওয়ার্ল্ড আর্ট মেলা, প্রদর্শিত হবে ১০ হাজার শিল্পকর্ম

দুর্ঘটনার পর মহাসড়কে উদ্ধার ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতার বর্ণনা অনুযায়ী, সংঘর্ষে বাসটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। পরে ক্রেনের সাহায্যে বাসটি সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বাসের ভাঙা অংশ, ইস্পাতের টুকরা ও যাত্রীদের আসন। ট্রাকের পেছনের অংশেও বাসটির ধ্বংসাবশেষ আটকে থাকতে দেখা যায়।

আল-আহরামের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে হামলার শঙ্কা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এর আগেও দেশটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। এর আগে গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান অন্তত ১৮ জন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।