সৌদি আরবে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:২৬ পূর্বাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে চার বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ও ভারতের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-সাবক।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় ওই চারজনকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকের পৃথক সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দুবাইয়ে ওয়ার্ল্ড আর্ট মেলা, প্রদর্শিত হবে ১০ হাজার শিল্পকর্ম

সৌদি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।

এদিকে, দেশটির নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে অনুমোদিত ও বৈধ মাধ্যম ব্যবহার করে দান-খয়রাত করার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষের মতে, নির্ধারিত ব্যবস্থায় অনুদান দিলে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো সহজ হয়। পাশাপাশি এ ধরনের উদ্যোগ ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে হামলার শঙ্কা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজের সব পর্যায়ে ভিক্ষাবৃত্তি বন্ধ করা এবং প্রকৃত অসচ্ছল ব্যক্তিদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।