হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী জাহাজে আগুন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:১৩ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনের বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি নৌবাহিনী জানায়, প্রণালিটির পূর্বাঞ্চলে দুটি তেলবাহী জাহাজ সমুদ্র মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। শক্তিশালী বিস্ফোরণের ফলে তিনটি জাহাজেই আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ চার দেশ

বিবৃতিতে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আকাশপথে নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এসব ঘটনা ঠেকানো সম্ভব হয়নি। বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করা হবে বলেও জানিয়েছে ইরানি বাহিনী।

এদিকে, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে অনুমোদনহীন পথ ব্যবহার না করার পাশাপাশি সামুদ্রিক সতর্কবার্তা মেনে চলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি নৌবাহিনী।

আরও পড়ুন: ইয়েমেনে আগস্ট থেকে বাস্তুচ্যুত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ, নিহত ৭৬

গত ১২ জুলাই যুক্তরাষ্ট্র ইরানে আবারও সামরিক হামলা শুরু করার পর হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় তেহরান। এরপর থেকে ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো রুট ব্যবহার করা কিংবা অনুমতি ছাড়া প্রণালিটি অতিক্রমের চেষ্টা করা জাহাজে হামলার হুমকি দিয়ে আসছে দেশটি।

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।

পরবর্তী সময়ে গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টি নিয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন আটকে যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি