নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৯ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনায় নতুন একটি উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির দাবি, নতুন এই ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। আগের ব্যবস্থার তুলনায় এটিকে আরও উন্নত বলে মনে করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে নতুন উৎক্ষেপণব্যবস্থাটি দেখানো হয়। এতে দেখা যায়, ভূগর্ভস্থ স্থাপনার ভেতরে ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযান রাখা হয়েছে।

আরও পড়ুন: চুক্তি না হলে নববর্ষের পর ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের

এর আগে ইরান এমন একটি দ্বৈত উৎক্ষেপণব্যবস্থা ব্যবহার করত, যার সাহায্যে একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া যেত। নতুন ব্যবস্থায় তরল জ্বালানি ব্যবহার করা হচ্ছে। এ ধরনের জ্বালানির মাধ্যমে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ নিয়ন্ত্রণে তুলনামূলক বেশি সুযোগ পাওয়া যায়।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেছেন, নতুন প্রযুক্তির কারণে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় অপ্রত্যাশিত চমক এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’

আরও পড়ুন: পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয়। এগুলোর গতি নিয়ন্ত্রণের সক্ষমতা থাকায় শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর ক্ষেত্রে সুবিধা পাওয়া যেতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, দেশটির নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও লক্ষ্যভেদে নির্ভুলতা বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) ওপর নির্ভর না করেও এগুলোর পথনির্দেশনা পাওয়ার সক্ষমতা উন্নত হয়েছে।

এদিকে, গতকাল শনিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন একটি ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। এ সময় প্রকাশিত ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতরে শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযান দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

 সূত্র: আলজাজিরা