পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় মো. সিয়াম (২৫) নামে এক বাসহেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে একটি বাসের ভেতরেই প্রাণ হারান তিনি।
নিহত সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: রামুতে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই, আহত ২ পুলিশ কর্মকর্তা
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন সিয়াম।
আগুনের বিষয়টি টের পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত আশপাশের বাসগুলোতে থাকা ঘুমন্ত লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান।
ভান্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান জানান, দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। পাশাপাশি আগুন দেওয়ার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।





