আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, আপিলের ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৩৯ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং অপর আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

রায়ের পর প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন মামলার প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, উপস্থাপিত প্রমাণে গুলির অস্তিত্ব নিশ্চিত করা যায়নি। তার বক্তব্য অনুযায়ী, আবু সাঈদের জব্দকৃত গেঞ্জিতে কোনো গুলির ছিদ্র পাওয়া যায়নি এবং মরদেহেও কোনো গর্ত বা ক্ষতের চিহ্ন ছিল না।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় রায় নিয়ে আপিল করবে রাষ্ট্র: অ্যাটর্নি জেনারেল

তিনি আরও বলেন, নিহতের দেহে কোনো ধরনের এক্স-রে বা ফরেনসিক পরীক্ষা করা হয়নি, যা গুলির প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ হতে পারত। এছাড়া প্রসিকিউশনের পক্ষ থেকে ১২ বোর শর্টগানের কার্টিজ ব্যবহারের অভিযোগ আনা হলেও সংশ্লিষ্ট কার্টিজ জব্দ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

আইনজীবী দোলন জানান, আসামিপক্ষের পক্ষে ২০টিরও বেশি পয়েন্টে লিখিত যুক্তি আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে প্রত্যাশিতভাবে খালাস না পাওয়ায় পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর তা বিশ্লেষণ করে আপিল বিভাগে আপিল করা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় গঠনের নির্দেশ, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

তিনি আশা প্রকাশ করেন, আপিল শুনানির মাধ্যমে আসামিরা ন্যায়বিচার পাবেন। মামলাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।