জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন করা হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান।
পরে আসামিপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আগামী ২ আগস্ট পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার
মামলায় গ্রেপ্তার দুই আসামি হলেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ মামলায় পলাতক আসামিরা হলেন শেখ হাসিনা, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।





