মশা নিধনে আরও সক্রিয় হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশে আশঙ্কাজনক হারে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মশা নিধনে যারা দায়িত্বরত আছেন, তাদের আরও সক্রিয় হতে হবে। আপনারা আপনাদের অ্যাক্টিভিটি আরও বাড়ান।
আজ (বুধবার) বেলা সাড়ে ১১টায় সুপার স্পেশালাইজড হাসপাতালে আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
জাহিদ মালেক বলেন, ডেঙ্গু সংক্রমণ আবারও বাড়ছে। আমাদের হাসপাতালগুলো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। রোগীদের ব্যবস্থাপনাটা আমরা দেখছি, এখন মশাটা যাতে নিধন হয় সেই ব্যবস্থাটা করতে হবে।
তিনি বলেন, হাসপাতালগুলো ভরে যাচ্ছে। চিকিৎসকরা দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। রোগীর যেন মৃত্যু কম হয় চিকিৎসকরা সে চেষ্টা করে যাচ্ছেন। এক্ষেত্রে রোগীদেরও দায়িত্ব রয়েছে। যথাসময়ে হাসপাতালে আসতে হবে।
আরও পড়ুন: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের অবস্থা গত ১০ বছরে অনেক এগিয়েছে। চিকিৎসক-নার্স দ্বিগুণ হয়েছে। নার্স নিয়োগ বন্ধ ছিল। টেকনিশিয়ান নিয়োগ বন্ধ ছিল মামলার কারণে। সেই মামলা আমরা তুলে নেওয়ার ব্যবস্থা করে নিয়োগ কার্যক্রম শুরু করেছি। ৮টি বিভাগে ৮টি হাসপাতাল হচ্ছে, সেগুলোতে নতুন করে ৪ হাজার শয্যা যুক্ত হবে।





