কলকাতায় খাল থেকে এমপি আনারের হাড়গোড় উদ্ধার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ন, ০৯ জুন ২০২৪ | আপডেট: ৬:০৫ পূর্বাহ্ন, ১০ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদাহ-৪ আসনের এমপি ও সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় গ্রেপ্তার সিয়াম হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে সিআইডি। রোববার (৯ জুন) সকালে কলকাতার ভাঙড় এলাকা থেকে এসব হাড়গোড় উদ্ধার করা হয়। 

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, রোববার (৯ জুন) সকালে সিয়ামকে নিয়ে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার কৃষ্ণমাটিতে বাগজোলা খালে নামে সিআইডি। তল্লাশির পর একটি ঝোপের পাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়। হাড়গুলো প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে সেগুলো মানুষেরই। যদিও তা আনোয়ারুল আজিমেরই কি না তা এখনও স্পষ্ট নয়। এ জন্য করতে হবে ফরেন্সিক পরীক্ষা। 

আরও পড়ুন: ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে দ্রুত ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী

প্রসঙ্গত, নিউ টাউনের অভিজাত আবাসনে সেপটিক ট্যাঙ্ক থেকে ৪-৫ কেজি ছোট ছোট মাংসের টুকরা উদ্ধার করেছিল সিআইডি। সেই মাংস কি আনোয়ারুলেরই, তা জানতে ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। এবার হাড়গুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে সিআইসি সূত্রে খবর। হাড়গুলো যদি সত্যিই এমপি আনারের হয় তাহলে সেটা হবে এই মামলায় সিআইডি তদন্তে বড় অগ্রগতি। 

এর আগে নেপাল থেকে সিয়ামকে গ্রেপ্তার করে কলকাতা সিআইডি। শনিবার তাকে বারাসত আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিন রিমান্ডের নির্দেশ দেন। তারপর রোববার সকালেই সিয়ামকে নিয়ে কৃষ্ণমাটিতে পৌঁছে এই হাড়গোড় উদ্ধার করে সিআইডি কর্মকর্তারা। 

আরও পড়ুন: ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী

সিআইডি সূত্রে খবর, গত ১৩ মে আনোয়ারুলকে হত্যার পরে নিউ টাউনের অভিজাত আবাসন থেকে সাংসদের দেহের অংশ ট্রলি সুটকেসে পুরে কৃষ্ণমাটিতে বাগজোলা খালে ফেলে দিয়েছিল সিয়াম। সঙ্গে ছিল খুনের মামলায় অন্যতম অভিযুক্ত জিহাদ হাওলাদার। জিহাদকে আগেই গ্রেপ্তার করেছিল সিআইডি। খালে দেহ ফেলে আবার নিউ টাউনের অভিজাত আবাসনেই ফিরে এসেছিল সিয়াম বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। গত ১৬ মে বিহার হয়ে নেপালে পালিয়ে যায় সিয়াম।  সূত্র: আনন্দবাজার