জুলাই বীর যোদ্ধাদের দাবিতে অঙ্গীকারনামার ৫ম দফা সংশোধন করল জাতীয় ঐকমত্য কমিশন: অধ্যাপক আলী রীয়াজ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৩৯ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই বীর যোদ্ধাদের দাবি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার ৫ নম্বর দফা সংশোধন করা হয়েছে।

তিনি বলেন, “জুলাই বীর যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় জরুরি সংশোধন করা হয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে সনদ আরও জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে।”

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই বীর যোদ্ধাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

অধ্যাপক আলী রীয়াজ অঙ্গীকারনামার সংশোধিত ৫ নম্বর দফাটি পাঠ করে শোনান। এতে বলা হয়- “গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, আহত বীরদের মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি ও মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে।”

অধ্যাপক রীয়াজ বলেন, “এই অঙ্গীকারনামা বাস্তবায়নে কমিশন সরকারকে স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রস্তাব দেবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে ঐকমত্য বিদ্যমান।”