মানসম্মত পরিসংখ্যান টেকসই উন্নয়ন অর্জনের মূল চাবিকাঠি: ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম।
সোমবার (২০ অক্টোবর) বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে রোববার (১৯ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: আজ সচিব সভা, সরকারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা
ড. ইউনূস বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এবার বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। ২০ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস একযোগে উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য— ‘Driving Change with Quality Statistics and Data for Everyone’— বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, সঠিক ও মানসম্মত উপাত্ত শুধু সরকারের নীতি ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেই নয়, বরং সেগুলোর কার্যকর বাস্তবায়ন ও মূল্যায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) বিশ্বমানের সংস্থা হিসেবে গড়ে তুলতে আধুনিকীকরণ ও সংস্কারের একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।
ড. ইউনূস বলেন, উপাত্তের সর্বজনীন প্রাপ্যতা ও মানসম্মত উপাত্তের ব্যবহার দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং উন্নয়নকে আরও জনমুখী করবে।
তিনি আরও উল্লেখ করেন, নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক, পরিসংখ্যানবিদ ও তথ্য ব্যবহারকারীদের সম্মিলিত প্রয়াসে ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান ও উপাত্ত’ নিশ্চিত করতে আমরা কাজ করছি।
সবশেষে ড. ইউনূস বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।





