প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মোন্থা’
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঝড়টির প্রভাবে ইতোমধ্যে সাগর উত্তাল রয়েছে এবং বাতাসের গতি বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি-৯-এ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ধীরে ধীরে আরও উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১২৫০ কিলোমিটার, মোংলা থেকে ১১৪০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ১১৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে ভুয়া আমদানি অনুমতিপত্র, সতর্ক করল মন্ত্রণালয়
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা হাওয়ার বেগে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়টি মঙ্গলবার সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল এবং গভীর সমুদ্রে বিচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হঠাৎ রমনা থানা পরিদর্শনে গিয়ে থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর





