জাতীয় নির্বাচনে ভোট দিতে ১৮ হাজার প্রবাসীর নিবন্ধন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:০২ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী বাংলাদেশি ইতোমধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ইসির তথ্য অনুযায়ী, প্রথম পর্বে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রবাসীরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। রোববার রাত ৮টা পর্যন্ত নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ১৬,৩৫৫ জন এবং নারী ১,৫৫২ জন।

এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৭৬৮ জন, জাপানে ৪ হাজার ৬০৬ জন, দক্ষিণ আফ্রিকায় ২ হাজার ৩১১ জন ও চীনে ১ হাজার ২৮৯ জন রয়েছে। 

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। একই দিন ইসি ১৪৮টি দেশে পোস্টাল ভোটিংয়ের সময়সূচিও ঘোষণা করে।

ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, ২৪ থেকে ২৮ নভেম্বর উত্তর আমেরিকা, ওশেনিয়া। ২১ নভেম্বর ৩ ডিসেম্বর ইউরোপ। ৪ থেকে ৮ ডিসেম্বর সৌদি আরব। ৯ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া। ১৪ থেকে ১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্য (সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ)।

এ বিষয়ে রোববার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভোটদান ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রক্রিয়া এগিয়ে চলছে, যা দেশের নির্বাচনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি।

এছাড়া, নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ভোটার, আইনি হেফাজতে থাকা ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীসহ প্রায় ১০ লাখ ভোটারকে আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) ভোট সুবিধার আওতায় আনা হচ্ছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি একদিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য অতিরিক্ত দায়িত্ব হলেও প্রস্তুতি সুষ্ঠুভাবে এগোচ্ছে।