গণপূর্ত সচিবের নেতৃত্বে তথ্য ভবনে রাতে গোপন বৈঠকে তোলপাড়

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৬ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার তথ্য ভবনের গণযোগাযোগ অধিদপ্তরে আজ মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামী সমর্থিত সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলামের নেতৃত্বে একদল সরকারি কর্মকর্তা তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের সম্মেলন কক্ষে জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠক করেছেন।

এমন অভিযোগে তথ্য ভবনে যান কয়েকজন সাংবাদিক। দেখা যায় তথ্য ভবনের লিফটের আটে নবম তলায় গণযোগাযোগ অধিদপ্তরের সম্মেলন কক্ষে গোপন বৈঠক চলছে। কর্মচারীদের করা প্রহরায় রুদ্ধ দ্বার এই বৈঠকে অর্ধশতাধিক ব্যক্তি পরামর্শ করছেন।  ভবনটির নিচে গৃহায়ন ও গণপূর্ত সচিবের ব্যবহৃত সাদা পাজেরো গাড়ি দাঁড়িয়ে আছে। পাশে আরও কয়েকটি পাজেরো গাড়ি ও মাইক্রোবাস রয়েছে।

আরও পড়ুন: আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তারা জানান, রাত আটটা থেকে পূর্ত সচিব নজরুল ইসলামের উপস্থিতিতে স্যাররা বৈঠক করছেন। সেখানে যাওয়া যাবে না। অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল-সহ জামায়াতে ইসলামীর অনুসারীরা রাত আটটা থেকে গোপন বৈঠক শুরু করেন।

সরকারি তথ্য ভবনে হঠাৎ এতো গুরুত্বপূর্ণ কী বৈঠক চলছে, এ নিয়ে কৌতূহলে সাংবাদিক ও উৎসুক কয়েকজন নজর রাখছিলেন। তবে মহাপরিচালক আবদুল জলিল বাংলাবাজার পত্রিকাকে জানান, কুমিল্লার বুড়িচং মডেল ট্রাস্টের একটি বৈঠক চলছে। সেখানে দলীয় কোনো বিষয় নেই। রাত সোয়া নয়টার দিকে হঠাৎ করে আপ্যায়ন শেষে সবাই বেরিয়ে যান।

আরও পড়ুন: মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এদিকে তথ্য ভবনে রাতের বেলায় গোপন বৈঠকের বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম বাংলাবাজার পত্রিকাকে বলেন, “আমার এলাকার একটি স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা ঢাকায় আসছিলেন। সচিবালয় পাশে করার সমস্যা, তাই গণযোগাযোগ অধিদপ্তরের এই বৈঠকটি করা হয়। আমার স্ত্রী এই একাডেমির ট্রাস্টি। এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই। আমি সরকারি গাড়ি নিয়ে এখানে গিয়েছি। এলাকার স্কুলটিকে কলেজে উন্নীত করার জন্য এলাকাবাসীর দাবি। এজন্য কর্তৃপক্ষ আমার সহায়তা চায়। তাদের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম।”