গাজীপুরে নাশকতার আশঙ্কায় ৮০ জন গ্রেপ্তার, পেট্রোলসহ আটক আওয়ামী লীগ নেতা
গাজীপুরে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে গত ৮ নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১৪ থেকে ১৫টি মামলা হয়েছে। লকডাউনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে পেট্রোলসহ আওয়ামী লীগের এক নেতাকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ। পুলিশ কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে যাতে কেউ পরিকল্পিত ভাবে নাশকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল।
আরও পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
এরই অংশ হিসেবে গত রাতে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মহানগরের বাসন থানা এলাকার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক। তাঁর কাছ থেকে পেট্রোল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, রাস্তায় চলাচলকারী যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ করে নাশকতা সৃষ্টির প্রস্তুতি নেওয়া হয়েছিল। গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, যারা গুজব ছড়ানোর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আটক করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, মহানগরের কয়েকটি পোশাক কারখানায় সকালে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বের হয়ে বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাঁরা সফল হননি।
আরও পড়ুন: গণভোটের রায় বাস্তবায়নের শর্তে রাজপথে থাকবে ১১ দলীয় ঐক্য
তিনি আরও বলেন, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। এসব সড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।





