মেক্সিকান মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:০১ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:০১ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মেক্সিকোর কুখ্যাত মাদকচক্রের নেতা ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তারের অভিযানকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন সন্দেহভাজন মাদকচক্রের সদস্য এবং চারজন মেক্সিকান সেনাসদস্য রয়েছেন।

শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিনালোয়া অঙ্গরাজ্যে শুক্রবার রাতে পরিচালিত অভিযানে এ প্রাণহানির ঘটনা ঘটে। ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত মেসা ফ্লোরেসকে শুক্রবার আটক করা হয়। পরে শনিবার তাকে উড়িয়ে মেক্সিকো সিটিতে নেওয়া হয়।

আরও পড়ুন: পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

তাকে গ্রেপ্তারের সময় গুয়াসাভে শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদকচক্রের সদস্যদের কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এ সময় শহরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করা হয় এবং ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অভিযানে আরও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের পরিচয় জানিয়েছে জার্মান এন (ছদ্মনাম সেরাফিন) ও হোসে এন হিসেবে। জার্মানকে মাদকচক্রটির কথিত দ্বিতীয় শীর্ষ নেতা এবং হোসেকে এর অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের দুজনকেও মেক্সিকো সিটিতে নিয়ে আইনজীবীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: বাহরাইনে মার্কিন ঘাঁটি ও শিল্পকারখানায় ইরানের হামলা

মেসা ফ্লোরেস যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ পলাতক অপরাধীর তালিকায় ছিলেন। তিনি একসময় বেলত্রান লেইভা মাদকচক্রের নেতৃত্বে ছিলেন। পরে নিজের নেতৃত্বে ‘মেসা-ফ্লোরেস ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন’ গড়ে তোলেন। এ ছাড়া সিনালোয়া কার্টেলের ‘লস মায়োস’ গোষ্ঠীর গুরুত্বপূর্ণ মিত্র হিসেবেও পরিচিত ছিলেন তিনি। গত বছর যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে মেসা ফ্লোরেসকে খুঁজছিল দেশটির কর্তৃপক্ষ। তাকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করেছিল ওয়াশিংটন।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গুয়াসাভে শহরে গোলাগুলি শুরু হয়। এরপর সামরিক হেলিকপ্টার ও ড্রোন শহরের আকাশে টহল দিতে থাকে। হেলিকপ্টার থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে গুলিও চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি বেসবল খেলা চলাকালে গুলির শব্দে আতঙ্কিত মানুষের ছোটাছুটি, গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন এবং হেলিকপ্টার থেকে গুলি চালানোর দৃশ্য দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক কেন্দ্রীয় কর্মকর্তা জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মেক্সিকোর সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী ভোর ৪টার আগে মেসা ফ্লোরেসকে গুয়াসাভে থেকে সরিয়ে নিতে পারেনি।

অভিযানের পর শহরটিতে আপাতত উত্তেজনা কিছুটা কমলেও বিশেষজ্ঞরা নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। তাদের মতে, মাদকচক্রের শীর্ষ নেতাদের গ্রেপ্তার বা সরিয়ে দেওয়ার ফলে আগে থেকেই ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে থাকা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত আরও বাড়তে পারে।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম মাদকচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে রয়েছেন। তাঁর প্রশাসন আগের সরকারগুলোর তুলনায় অবৈধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বেশি কঠোর অভিযান চালাচ্ছে। তবে তাঁর দুই বছরের শাসনামলে দেশটিতে হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।

মাদকবিরোধী অভিযানে মেক্সিকোর কর্তৃপক্ষের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ। দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড জনসনও অভিযানের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ ধরনের সাফল্য রাতারাতি আসে না; দীর্ঘদিনের সহযোগিতা ও পারস্পরিক আস্থার মাধ্যমে তা অর্জিত হয়।

সূত্র: আলজাজিরা