‘হ্যাঁ’ ভোট শুধু চিহ্ন নয়, দায়িত্বের প্রতীক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কারের বার্তা জনগণ কেবল ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই দিতে পারে। তাই ‘হ্যাঁ’ ভোটের সিল শুধু একটি চিহ্ন নয়, এটি দায়িত্বের প্রতীক। এই দায়িত্ব নিয়েই সবাইকে দেশকে এগিয়ে নিতে হবে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদরের ভূইগড় কাজীপাড়া বাসস্ট্যান্ডসংলগ্ন মাঠে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব ছিল সংস্কার কার্যক্রম শুরু ও বাস্তবায়নের পথ সুগম করা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তার সবকিছু সম্পূর্ণভাবে বাস্তবায়ন একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই করা উচিত। তবে এই গণভোটের মাধ্যমে জনগণ তাদের স্পষ্ট বার্তা দিচ্ছে—নির্বাচিত সরকার যেন জনগণের পক্ষে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করে।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ পরিবর্তনের প্রকৃত যোদ্ধা জনগণ। আজ যারা এই সভায় উপস্থিত আছেন এবং যারা বাইরে রয়েছেন—সবারই দায়িত্ব ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়া। তরুণ সমাজ যে পরিবর্তনের দায়িত্ব আমাদের হাতে দিয়েছে, তা যেন নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়—সেই লক্ষ্যেই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী
ফরিদা আখতার আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ফসল। যারা রক্ত, অঙ্গহানি ও জীবন উৎসর্গ করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, তাদের দেওয়া দায়িত্ব আমরা অল্প সময়ের জন্য পালন করছি। শহীদ ও আহতদের কাছে আমরা ব্যক্তিগতভাবে নয়, একটি জাতি হিসেবে ঋণী।
তিনি জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিবাহী জাদুঘর পরিদর্শন করেছেন। সেখানে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে নিহত চার হাজারেরও বেশি মানুষের নাম ও নিদর্শন সংরক্ষিত রয়েছে। শাপলা চত্বরসহ বিভিন্ন হত্যাকাণ্ডের চিহ্ন এখনো বিদ্যমান, যা মনে করিয়ে দেয়—ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে না আসে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং ‘২৪-এর গণঅভ্যুত্থানে জেলার প্রথম শহীদ মো. আদিলের পিতা মো. আবুল কালাম। সভা শেষে উপদেষ্টা গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্রেণি-পেশার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





