আট জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন, অনলাইনে এক ঘণ্টায় মুক্তি সম্ভব

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৫৯ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাটসহ আট জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) সেবা উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে এই সেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

আইন মন্ত্রণালয় জানিয়েছে, ই-বেইলবন্ড প্রবর্তনের মাধ্যমে একজন বন্দিকে দ্রুত মুক্তি দেওয়া সম্ভব। অনলাইনে বেইলবন্ড সম্পন্ন হলেই এক ঘণ্টার মধ্যে আসামি আদালতের মাধ্যমে মুক্তি পেতে পারবেন।

এর আগে বন্দিরা জামিন পেতে ১০ থেকে ১২ ধাপ পার হতেন, যার ফলে সময় ও অর্থ উভয়ই বেশি খরচ হতো। অনলাইন প্রক্রিয়ায় বেইলবন্ড জমা হওয়ার সময় কারা কখন সাইন করেছেন তার স্বয়ংক্রিয় রেকর্ড থাকবে। ফলে প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা বা অনিয়মের সুযোগ থাকবেনা।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

আইন মন্ত্রণালয় আশা করছে, বিচার ব্যবস্থার আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ হ্রাসের লক্ষ্যে এই পদক্ষেপ বিচারপ্রার্থী, কারা প্রশাসন এবং আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে।

ডিজিটাল বেইলবন্ড কার্যক্রমের প্রথম ধাপ নারায়ণগঞ্জ জেলায় শুরু হয়েছিল এবং সফলভাবে চলছে। আজ মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এটি প্রবর্তন করা হলো।