জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব হাসপাতালের জন্য ১০ জরুরি নির্দেশনা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য ১০টি জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচন চলাকালে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ সতর্কতা ও পূর্ণ প্রস্তুতি বজায় রাখতে হবে। রোববার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা জারি করা হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

নির্বাচনকালীন সময়ে প্রতিটি সিটি করপোরেশনে ছয়টি, বিভাগীয় পর্যায়ে চারটি, জেলা পর্যায়ে তিনটি, উপজেলা পর্যায়ে দুটি এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে মেডিক্যাল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা স্বাস্থ্য প্রশাসক জনবল ও প্রয়োজনের ভিত্তিতে এসব মেডিক্যাল টিমের সদস্য নির্ধারণ করবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে জরুরি বিভাগে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগ করতে হবে এবং সার্বক্ষণিক অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখতে হবে।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানদের কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কারণে প্রতিষ্ঠানপ্রধান ছুটিতে থাকলে যোগ্য বিকল্প কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করে তার নাম, পদবি ও মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করতে হবে।

এছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে নির্বাচনকালীন সময়ে চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতিতে জরুরি বিভাগ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোগী রেফার্ড করার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও যথাযথ কাউন্সেলিং নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করতে হবে। পাশাপাশি জরুরি বিভাগ, অন্তঃবিভাগ, ল্যাব, ক্যাথল্যাব, ডায়ালাইসিস সেন্টার, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার নিয়মিতভাবে চালু রাখতে হবে।

এ ছাড়া বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।