‘১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন, নির্বাচন হবে সুষ্ঠু ও নিরাপদ’
দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা একটি চ্যালেঞ্জিং কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আপনারা সবসময় বলেন, আইনশৃঙ্খলা কন্ট্রোল করি না। দেখেন এখানে আপনারা কয়জন সাংবাদিক, এই কয়জনের কথা বলাটা অনেক সময় লেগে যায়। তো দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট কাজ।”
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি যথেষ্ট আছে। “তাদের প্রস্তুতি অনুযায়ী কাজ এগোলে আমাদের নির্বাচন হবে খুবই সুষ্ঠু, উৎসবমুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের অসুবিধা হবে না।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
ফেসবুক ও সামাজিক মাধ্যমে স্বাধীনতার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন যে, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রকাশের সুযোগ আগের চেয়ে বেশি। “ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয়। কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই স্বাধীনভাবে লিখবেন, মত প্রকাশ করবেন। স্বাস্থ্য, নিরাপত্তা ও সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বয়ে চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।
এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে





