ভোটের দিন মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:০৫ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোটারদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে মোট চার দিনের ছুটি থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এই সময়ে মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালেই বিষয়টি নিশ্চিত করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি বলেন, “ভোটের দিন আমরা এক্সট্রা ট্রেন দেব। কোনো অসুবিধা নেই।”

আরও পড়ুন: আজকের মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট: ইসি

নির্বাচনকালীন সময়ে মেট্রো ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও অন্যান্য সংশ্লিষ্ট কার্যক্রমে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল থাকবে।

অন্যদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে, যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন যান চলাচল নিয়ন্ত্রিত থাকে। নির্বাচনের দিন, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি, ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক: এইচআরএসএস রিপোর্ট

মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচন সংক্রান্ত কাজে কিছু শিথিলতা থাকবে।

উল্লেখ্য, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।