তারেক রহমান এর শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের লোকসভার স্পিকার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:২০ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতের প্রতিনিধিত্ব করবেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার।

আরও পড়ুন: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যকার গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে তুলে ধরে। পাশাপাশি দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে আবদ্ধ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানায়।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু

উল্লেখ্য, শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ ছিল। তবে একই দিনে ‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশগ্রহণের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। এ কারণে ভারতের প্রতিনিধিত্ব করতে ওম বিড়লাকে ঢাকায় পাঠানো হচ্ছে।