প্রথমবার শহীদ মিনারে যাওয়ার বিষয়ে যা বললেন জামায়াত আমির

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৫ পূর্বাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৩৫ পূর্বাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ফুল দেওয়ার পরই তিনি শহীদ বেদীতে দাঁড়িয়ে মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই আমি এসেছি।”

আরও পড়ুন: প্রথমবার শহীদ মিনারে জামায়াতের পুষ্পস্তবক অর্পণ

বিভিন্ন সময়ের শহীদদের স্মরণ

শফিকুর রহমান বলেন, “আমরা ভাষা শহীদদের পাশাপাশি ১৯৪৭, ১৯৫২, ১৯৭১, ১৯৯০ এবং পরবর্তী সময়ের বিভিন্ন আন্দোলনে শহীদদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন, তাদেরও স্মরণ করি।”

আরও পড়ুন: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

তিনি আরও বলেন, “জাতির মুক্তি না আসা পর্যন্ত, ফ্যাসিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি মানবিক দেশ গঠন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। কোনো অপকর্মের সঙ্গে আমরা আপস করব না।”

আজিমপুর কবরস্থানে দোয়া

শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াত আমির বিরোধী দলের নেতাদের নিয়ে আজিমপুর কবরস্থানে যান এবং ভাষা শহীদদের কবরে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় তার সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আখতার হোসেইনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিন বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই শফিকুর রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের বিরোধী দলের সদস্যরা শহীদ বেদীতে ফুল দেন।