আগামী হজে ব্যয় কমানোর আশ্বাস ধর্মমন্ত্রীর
আগামী হজ মৌসুম থেকে হজযাত্রীদের খরচ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি জানিয়েছেন, এবারের হজের সার্বিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হলেও ভবিষ্যতে ব্যয় কমাতে সম্ভাব্য সব দিক পর্যালোচনা করা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল
ধর্মমন্ত্রী বলেন, “আমি এখানে দায়িত্ব নেওয়ার আগেই এবারের হজের প্রক্রিয়া শেষ হয়েছে। তবে আগামী হজ থেকে যাতে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে চেষ্টা থাকবে।” তিনি জানান, হজ ব্যবস্থাপনার বিভিন্ন খাত—আবাসন, পরিবহন, বিমানভাড়া ও সার্বিক সেবার ব্যয়—সমন্বিতভাবে পর্যালোচনা করে যাত্রীদের আর্থিক চাপ কমানোর পথ খোঁজা হবে।
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সবসময় গণমাধ্যমের সহযোগিতা পেয়েছে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক কার্যক্রম পরিচালনায় সংবাদমাধ্যমের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: কামরাঙ্গীরচরে সাত দিনের ‘ক্র্যাশ প্রোগ্রাম’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
তিনি আরও বলেন, “আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবো, জনগণের খেদমত করবো।” হজ ব্যবস্থাপনায় সেবার মানোন্নয়ন এবং ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সৌজন্য সাক্ষাৎকালে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, অর্থ সম্পাদক রকিবুল হক, সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল আইয়ের রিপোর্টার আকতার হাবিব, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম এবং নির্বাহী সদস্য শামসুল ইসলাম, উবায়দুল্লাহ বাদল, মহসিনুল করিম, আহমেদ জামাল, কামরুজ্জামান বাবলু প্রমুখ অংশ নেন।
সাক্ষাৎ শেষে আরআরএফ নেতারা হজ ব্যবস্থাপনা আরও আধুনিক, স্বচ্ছ ও ব্যয়সাশ্রয়ী করতে মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।





