ড. ইউনূস যমুনা ছাড়ছেন কবে, জানা গেল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৩৪ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ত্যাগ করছেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছিলেন। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।

আরও পড়ুন: শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে হেয়ার রোডের যমুনাকেই তার সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ হলে প্রধানমন্ত্রী সেখানে উঠবেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রধানমন্ত্রীর জন্য জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকা বিবেচনায় নেওয়া হলেও সময়স্বল্পতা ও অন্যান্য কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, কৃষিঋণ প্রস্তাব অনুমোদন

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দায়িত্ব পালনকালেই অধ্যাপক ইউনূস তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার মিলিয়ে প্রায় ২০ জন কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন, যার অধিকাংশই নির্বাচনের আগেই হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্টদের মতে, অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের ‘থ্রি জিরো’ ভিশন—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—কেন্দ্র করে ভবিষ্যতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখনো কোনো সুনির্দিষ্ট কর্মসূচি চূড়ান্ত হয়নি।

বিদেশ থেকে বিভিন্ন সফরের আমন্ত্রণ পেয়েছেন বলেও জানা গেছে। এসব সফর ও কর্মসূচির সমন্বয় করছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সাবেক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। তিনি কোথাও সশরীরে এবং কোথাও ভার্চুয়ালি অংশ নেবেন—এ বিষয়ে পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর যমুনায় অবস্থান করছিলেন তিনি। আগামীকাল বাসভবন ত্যাগের মধ্য দিয়ে তার এ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে।