আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ৮:৩২ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। আগের তুলনায় পরিস্থিতি ভালো হয়েছে এবং আরও উন্নয়নের চেষ্টা অব্যাহত রয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা যেন আর না ঘটে, সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং Border Security Force (বিএসএফ)-এর মধ্যে নিয়মিত বৈঠক অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

মন্ত্রী বলেন, ভারতও এ বিষয়ে আন্তরিকতার আশ্বাস দিয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে।

ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, গত এক থেকে দেড় বছরে ভারতের কনসুলেট ও ভিসা অফিসগুলো আক্রমণের শিকার হওয়ায় পূর্ণাঙ্গ কার্যক্রম চালু রাখা সম্ভব হয়নি। তবে ভারত ধারাবাহিকভাবে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সৌজন্য সাক্ষাৎ কূটনৈতিক রীতির অংশ। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা রয়েছে।

তিনি জানান, পারস্পরিক স্বার্থ, মর্যাদা ও সমতার ভিত্তিতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। “অন দ্য বেসিস অব মিউচুয়াল ইন্টারেস্ট অ্যান্ড ডিগনিটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট”—এই নীতিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সার্বভৌম সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক ভবিষ্যতেও সৌহার্দ্যপূর্ণ থাকবে।