জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামানো হচ্ছে মোবাইল কোর্ট

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ৮:০৪ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধ করতে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পর্যবেক্ষণ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এই নির্দেশনা পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ‘ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক ফোঁটাও বাড়বে না’: বাণিজ্যমন্ত্রী

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হওয়া নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, তেলের অবৈধ মজুত, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার রোধে কড়া নজরদারি করা হবে। মোবাইল কোর্ট পরিচালনা করে বাজারে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন: সরকারি দলের সংসদীয় বৈঠক বুধবার

প্রজ্ঞাপনে উল্লেখ আছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে ৮ মার্চ মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছিল। জনস্বার্থে এবং তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে মাঠ প্রশাসনকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নির্দেশনার ফলে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসকের তদারকিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা শুরু করবেন। নির্দেশনায় বিশেষভাবে বলা হয়েছে যে, কার্যক্রম দ্রুত ও জনস্বার্থে কার্যকর করতে হবে।