কৃষক কার্ড প্রণয়ন সেলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ প্রণয়ন কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সেলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১২টায় ঢাকার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কক্ষে তিনি এ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে কৃষকদের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরি, কৃষি সহায়তা সহজ করা এবং সরকারি বিভিন্ন সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষক কার্ড চালু হলে দেশের কৃষকেরা সহজেই সরকারি সহায়তা, ভর্তুকি, কৃষিঋণসহ বিভিন্ন সুবিধা একক প্ল্যাটফর্মের মাধ্যমে পেতে পারবেন।
আরও পড়ুন: চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী
সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াসিন, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া কৃষক কার্ড প্রণয়ন সেলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। বৈঠকে কৃষকদের তথ্য সংগ্রহ, কার্ড বিতরণ প্রক্রিয়া এবং প্রযুক্তিগত অবকাঠামো তৈরির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর





