বাংলাদেশ কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেল না, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ১:৩৬ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে বাংলাদেশ দল কেন অংশ নিতে পারল না তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। মঙ্গলবার ( ১৭ মার্) মিরপুরে এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। অনুষ্ঠানে তিনি বলেন বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতির পেছনে কোনো কূটনৈতিক ব্যর্থতা ছিল কি না তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, এই ঘটনার ফলে সৃষ্ট কূটনৈতিক জটিলতা নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আমিনুল হক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ক্রীড়াসহ সব ক্ষেত্রে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে বর্তমান সরকার পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্লেষকদের মতে পুরো বিষয়টি এখন বাংলাদেশের ক্রীড়া কূটনীতির জন্য একটি অনেক বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে এই ধরনের বড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা আসতে পারে। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিকল্প হিসেবে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে আয়োজনের প্রস্তাব দিলেও তা আইসিসি কর্তৃক গৃহীত হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলোর ভোটাভুটিতে বাংলাদেশের সেই প্রস্তাবটি শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হয়। জানা গেছে এই ভোটাভুটিতে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের প্রস্তাবের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছিল। ফলে বাংলাদেশ দল অংশ না নেওয়ায় তাদের পরিবর্তে স্কটল্যান্ড এবারের বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায়। বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে স্থানীয় টি-টোয়েন্টি লিগ আয়োজন করা নিয়ে ক্রিকেট অঙ্গনে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।