শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা পশ্চিমপাড়ায় অবস্থিত মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফলের ঘোষণা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ করা হয়।
রোববার (১৫ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া আলাউদ্দিন কওমী মাদরাসার মুহতামিম মুফতী সফিউল্লাহ কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেপারী বাড়ী মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন, সরকার বাড়ী মাদরাসাতুল হিকমার মুহতামিম মাওলানা ইসহাক মাহমুদ কামালপুরী, হাফেজ আরিফুল ইসলাম এবং মাদ্রাসার শিক্ষক মাওলানা হেদায়েতুল্লাহ ও মাওলানা আলী হোসেন।
আরও পড়ুন: নান্দাইলে এতিমখানা ও মাদ্রাসা সহ হতদরিদ্রদের মাঝে সৌদি খেজুর বিতরণ
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকার বাড়ী মাদরাসার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার, টেপিরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার কাজল, সমাজসেবক হানিফ মাহমুদ শাহীনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জহিরুল ইসলাম বলেন, “দ্বীনি শিক্ষার সঙ্গে যুগোপযোগী শিক্ষার সমন্বয়ের মাধ্যমে যোগ্য, আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন নারী শিক্ষার্থী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একটি সুশিক্ষিত প্রজন্মই সমাজকে আলোকিত করতে পারে। মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার জন্য অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হবে, ইনশাআল্লাহ।”
আরও পড়ুন: কারখানা স্থানান্তরের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ঈদের আগে পাওনা পরিশোধের দাবি
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং ১৪ জন শিক্ষার্থী পবিত্র কোরআন শরীফে নতুন সবক গ্রহণ করেন, যার সূচনা করেন মুফতী সফিউল্লাহ কাসেমী।
শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আরবি, বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় বিভিন্ন প্রতিযোগিতা। এর মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, গজল, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা প্রতিযোগিতা এবং অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাদ্রাসার এই বার্ষিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে নৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





