ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া রোধে অভিযান জোরদার, যাত্রীদের অর্থ ফেরত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ১:৪৯ পূর্বাহ্ন, ২০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করেছে সরকার। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হচ্ছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে দুইটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ‘ইলিশ পরিবহন’ ও ‘যমুনা হাই ডিলাক্স’-কে এই জরিমানা করা হয়।

এ ছাড়া ধোলাইপাড় এলাকায় যাত্রীচাপ বেশি থাকায় চারটি পরিবহনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইভাবে সায়েদাবাদ এলাকায় তিনটি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা না রাখা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকায় পৃথক অভিযানে চারটি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন একই এলাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

রাজধানীর বাইরে চট্টগ্রাম এর অক্সিজেন মোড় এলাকায় ৭ হাজার টাকা এবং টাঙ্গাইল এর এলেঙ্গায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বরিশাল জেলায় একটি অভিযানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে খুলনা এর রূপসা টোল প্লাজা এলাকায় তিনটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হলেও সেখানে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিকভাবে দেশের বিভিন্ন স্থানে যাত্রা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।