ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, স্বস্তির যাত্রা গাবতলীতে
ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটি শেষ হওয়ায় রাজধানীমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা ঢাকায় ফিরছেন, তবে যাত্রাপথে বড় ধরনের ভোগান্তি হয়নি বলে জানিয়েছেন অনেকেই।
শনিবার সকালে গাবতলী বাস টার্মিনাল এলাকায় দেখা গেছে, দূর-দূরান্ত থেকে আসা বাসগুলো একে একে পৌঁছাচ্ছে এবং যাত্রীরা দ্রুত নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। কেউ বাসা ফিরছেন, আবার কেউ সরাসরি কর্মস্থলের উদ্দেশে রওনা দিচ্ছেন।
আরও পড়ুন: স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ফেরার পথে মহাসড়কে যানজট না থাকায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, স্বাভাবিক গতিতে চলাচল করায় সময় কম লেগেছে এবং ক্লান্তিও তুলনামূলক কম হয়েছে।
যাত্রীরা আরও জানান, কিছু এলাকায় ধীরগতি থাকলেও সামগ্রিকভাবে যাত্রা নির্বিঘ্ন ছিল। বিশেষ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকায় দীর্ঘ সময় আটকে থাকতে হয়নি।
আরও পড়ুন: মোমেন কমিশনে দুদকের তিন মহাপরিচালক ঘিরে বিতর্ক
গাবতলীর পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ছুটি শেষে রাজধানী এখনও পুরোপুরি ব্যস্ত হয়ে ওঠেনি। যাত্রীদের চাপ থাকলেও কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা বা যানজট তৈরি হয়নি। তবে আগামী দিনে অফিস খোলার সঙ্গে সঙ্গে যাত্রীচাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।





