ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ২:৪৪ পূর্বাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নিজেদেরকে বিচ্ছিন্ন না ভেবে সবাইকে দেশের জনগোষ্ঠীর অংশ মনে করতে হবে। সেইসঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐক্য যেন বিনষ্ট না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। যুদ্ধে, বিগ্রহে আর হিংসায় পৃথিবী অপরিচিত হয়ে যাচ্ছে, তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে।

আরও পড়ুন: মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যা চিহ্নিত করে সমাধান করবে সরকার—এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘অধিবাসীরা এদেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে আলাদা ফান্ড করার ক্ষেত্রে বিবেচনা করবে সরকার।’

আশা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি আশা প্রকাশ করছি, এবার সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজন প্রতিনিধি আসতে পারে।”

আরও পড়ুন: আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।