অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

Sadek Ali
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪৪ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

রাত ২টা ৫৫ মিনিটে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি।

আরও পড়ুন: নতুন অধ্যায়ে অভিনেত্রী কোয়েল মল্লিক

জ্যোতিকা জ্যোতির নাম আলোচনায় আসে ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর। ওই গ্রুপে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।

পরে ফেসবুক লাইভে এসে গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য ও আপডেট দেওয়ার জন্য তিনি সেখানে যুক্ত ছিলেন। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেন জ্যোতি।

আরও পড়ুন: শিল্পীদের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব: জয় চৌধুরী

এ ঘটনার পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের একাংশের বাধার মুখে পড়েন তিনি। সে সময় একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন জ্যোতিকা জ্যোতি। বিরোধিতার মুখে সেদিন কার্যালয় ছাড়তে হয় তাকে। পরে ১ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে শিল্পকলা একাডেমি।

এদিকে, ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।