জ্বালানি সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত: অফিস ৯টা-৪টা, সন্ধ্যা ৬টার পর বন্ধ মার্কেট
জ্বালানি সাশ্রয় ও বৈশ্বিক সংকট মোকাবেলায় দেশের অফিস, ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
আরও পড়ুন: সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ পৌঁছেছে
তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়েছে। এই সিদ্ধান্ত সরকারি ও বেসরকারি—সব ধরনের অফিসের জন্য প্রযোজ্য হবে।
এছাড়া নতুন নির্দেশনায় বলা হয়েছে, মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর খোলা রাখা যাবে না।
আরও পড়ুন: রাজশাহীর অসহায় টুলি বেগমকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, শিক্ষা খাতে প্রয়োজন অনুযায়ী নতুন নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে সরকারি ব্যয় কমাতে আগামী তিন মাসের জন্য একাধিক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে—
* নতুন যানবাহন, জলযান ও আকাশযান ক্রয় স্থগিত
* কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম কেনা বন্ধ
* অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ কমানো
* সরকারি অর্থায়নে সব ধরনের বিদেশ প্রশিক্ষণ স্থগিত
এছাড়া সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে প্রায় ৩০ শতাংশ ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়।





