‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিতকরণ আমাদের নৈতিক দায়িত্ব: রাষ্ট্রপতি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৩৪ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। তিনি উল্লেখ করেছেন, বর্তমান সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির আওতায় সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এবং প্রত্যেক নাগরিকের মর্যাদার সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রপতি জানান, এই নীতির অংশ হিসেবে রোগীর মৌলিক পরিচয় নিশ্চিত করতে সকল নাগরিককে ইলেক্ট্রনিক হেলথ (ই-হেলথ) কার্ড প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

আগামীকাল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে প্রকাশিত এক বাণীতে তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালন হচ্ছে। বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট সকল অংশগ্রহণকারীর সহায়তায় একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য। এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ তাৎপর্যপূর্ণ এবং সময়োপযোগী।”

রাষ্ট্রপতি আরও বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি, বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। এছাড়াও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়ে তুলতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন চলছে। তিনি বিশ্বাস ব্যক্ত করেন, এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে সামগ্রিক স্বাস্থ্যসেবা ও সূচকে উল্লেখযোগ্য উন্নতি হবে।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, ‘মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য একে অপরের পরিপূরক। আধুনিক সভ্যতার নেতিবাচক প্রভাব থেকে উদ্ভিদ, প্রাণী ও পরিবেশের ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। তাই বিজ্ঞানের উৎকর্ষকে কাজে লাগিয়ে সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি সরকারি ও বেসরকারি চিকিৎসক, গবেষক, পরিবেশবিদ, প্রাণিসম্পদ বিশেষজ্ঞসহ সকলকে একটি সর্বজনীন সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।