আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর, যা ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে যশোরের উদ্দেশে রওনা হবেন এবং পৌঁছাবেন যশোর বিমানবন্দরে। সফরের শুরুতেই তিনি শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে একটি সুধী সমাবেশেও অংশ নেবেন তিনি।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
বিকেলে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
যশোরের উন্নয়নে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে উলশী খালটি স্থানীয় কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্তরের দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর উদ্যোগে খনন করা এই খাল দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে যায়। বর্তমানে এটি পুনঃখননের উদ্যোগ নেওয়ায় কৃষি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
এছাড়া যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে।





