১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ৫:১১ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। এ সফরকে ঘিরে সম্ভাব্য কর্মসূচির ভেন্যু পরিদর্শন শুরু করেছেন স্থানীয় নেতারা।

শনিবার (২ মে) সকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফর উপলক্ষে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন স্থান পরিদর্শন করছেন।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী খাল পুনঃখনন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন। পাশাপাশি সুধী সমাবেশ ও জনসভায় অংশ নেওয়ার কথাও রয়েছে।

প্রস্তুতি পর্যবেক্ষণের অংশ হিসেবে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জেলা নেতাদের নিয়ে চাঁদপুর সরকারি কলেজ, পৌর অডিটোরিয়ামসহ বিভিন্ন সম্ভাব্য ভেন্যু পরিদর্শন করেন।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

এর আগে শুক্রবার চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনস্থল সরেজমিনে ঘুরে দেখেন তিনি।

জানা যায়, ঘোষেরহাট এলাকার খালটি একসময় জিয়াউর রহমান খনন কাজের উদ্বোধন করেছিলেন। এবার সেই খাল পুনঃখননের কার্যক্রম নিজ হাতে মাটি কেটে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিনে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধারের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ ও হাঁস পালনসহ স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।